শিরোনাম

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণ-রূপার ওজন নির্ধারণ এবং বৈদেশিক মুদ্রা গণনার কাজ শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় এ কার্যক্রম শুরু হয়। এ সময় সেখানে সংরক্ষিত ৯টি মাঝারি আকারের কনটেইনার ও ছয়টি সিলগালা করা খাম খোলা হয়।

পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, দান হিসেবে পাওয়া স্বর্ণ ও রূপার গয়না ক্যারেট অনুযায়ী পৃথক করে ওজন নির্ধারণ করা হবে। এরপর বাজারমূল্য নির্ধারণ করে নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করা হবে। অন্যদিকে, বৈদেশিক মুদ্রা দেশভিত্তিক আলাদা করে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।

এর আগে, ২০২০ সালের ১১ মার্চ সর্বশেষ স্বর্ণ-রূপার ওজন নির্ধারণ ও বৈদেশিক মুদ্রা গণনা করা হয়েছিল। সে সময় ৪১৫ ভরি এক আনা স্বর্ণ ও ১৮৪ ভরি রূপা নিলামে বিক্রি করে এক কোটি ১৫ লাখ চার হাজার ৯০০ টাকা পাওয়া যায়। পাশাপাশি বৈদেশিক মুদ্রা নগদায়ন করে আয় হয়েছিল এক লাখ ২৭ হাজার ৬৫১ টাকা।

ওই সময়ের পর থেকে এখন পর্যন্ত ১৮ বার পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। সর্বশেষ গত ২৭ জুন দানবাক্স খোলা হয়।

বর্তমানে পাগলা মসজিদের তহবিলে জমা রয়েছে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এ ছাড়া মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অনুদান হিসেবে এসেছে ৩৯ লাখ ৩২ হাজার ৯০৬ টাকা।

গণনা কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে নয় সদস্যের একটি উপকমিটি কাজ করছে। সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন পুলিশ সদস্য ও ছয়জন এসআরবি সদস্য দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া গণনায় অংশ নিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ, জুয়েলারি সমিতির ১০ জন স্বর্ণকার এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর