শিরোনাম

চিংড়ি ঘের বিরোধের জেরে গভীর রাতে ছাত্রদল নেতার বসতঘরে আগুন

চিংড়ি ঘের বিরোধের জেরে গভীর রাতে ছাত্রদল নেতার বসতঘরে আগুন

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৮ বিঘার একটি চিংড়ি ঘেরের দখল নিয়ে বিরোধের জেরে ছাত্রদল নেতার বসতঘরে গভীর রাতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এর দুই দিন আগে একই ঘেরের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছিলেন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর সুতালড়ী গ্রামে রাকিব হাওলাদারের বসতঘরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্বজনরা। রোববার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ক্ষতিগ্রস্ত রাকিব হাওলাদার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি দাবি করেন, ৪৮ বিঘা জমির একটি মৎস্য ঘেরের দখল নিয়ে প্রায় এক বছর ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার মারামারি ও মামলা হয়েছে।

রাকিব বলেন, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ঘেরের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। ওই ঘটনার দুই দিন পর শনিবার গভীর রাতে তাঁর বড় ভাই শামীম হাওলাদারের বসতঘরে আগুন দেওয়া হয়। এতে দুটি ঘর পুড়ে গেছে এবং প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

শামীম হাওলাদারের স্ত্রী শিল্পী আক্তার বলেন, ঘেরসংক্রান্ত মামলার কারণে ওই রাতে বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। তিনি দুই শিশু মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় শব্দে ঘুম ভেঙে গেলে ঘরে আগুন জ্বলতে দেখেন। চিৎকার করেও তাৎক্ষণিকভাবে কারও সহায়তা পাননি। পরে আগুনে দুটি ঘর পুড়ে যায়।

স্থানীয় জ্যোৎস্না বেগম, সোহাগ হাওলাদার ও হুমায়ুন কবিরসহ অন্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই দিন আগে ঘের দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় করা মামলায় রাকিব হাওলাদারসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, শত্রুতার জেরে কেউ ঘরটি পুড়িয়ে দিয়েছে, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর