নীলফামারী ও রংপুরে পৃথক দুর্ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশু ও এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। একই দিন ভোরে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান ওই শিক্ষক।
রংপুরের কিশোরগঞ্জ উপজেলায় চার্জার ভ্যানের ধাক্কায় আহত শিশু রাফিয়া মনির (৫) মৃত্যু হয়েছে। সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাফিয়া উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী হাজীপাড়া গ্রামের রাজ্জাকুল ইসলামের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দাদির সঙ্গে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল রাফিয়া। বাহাগিলী জুম্মারপাড় বাজারে ভ্যান থেকে নেমে দাদি ভাড়া পরিশোধ করার সময় শিশুটি একা রাস্তা পার হতে গেলে বাহাগিলী ডাঙ্গারহাটগামী একটি চার্জার ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়।
প্রথমে তাকে স্থানীয় ডাঙ্গারহাটে চিকিৎসা দেওয়া হয়। পরে তারাগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অন্যদিকে, নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় মো. রাজ্জাক নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। সোমবার ভোরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে চিলাহাটির উদ্দেশে যাচ্ছিলেন তিনি। ভোরে ট্রেনটি সৈয়দপুর স্টেশনে থামলে জানালার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন রাজ্জাক। এ সময় ছিনতাইকারীরা তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে জানা গেছে।
মোবাইল ফোন ফিরে পেতে তিনি ট্রেন থেকে নেমে ছিনতাইকারীদের পিছু নেন। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।