চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ সুলতানা বেগমকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে তাঁকে আটক করেন মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
আটক সুলতানা বেগমের (৩৫) বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহালা কলোনি এলাকায়। তিনি ওই এলাকার মো. জুলমত আলীর মেয়ে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সুলতানা বেগমের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।