“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা জাতীয় মৎস্য পক্ষ উদ্যাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যজীবীদের সাঁতার প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্বর থেকে ব্যানার-ফেস্টুনসহ র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি পুকুরপাড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাবেক আহ্বায়ক ফকির শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শহীদুল খান ও মৎস্যচাষি মোদাশ্বের মল্লিক।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্য ব্যবসায়ী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চারজন সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়। পরে সরকারি পুকুরে মৎস্যজীবীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।