শিরোনাম

সৈয়দপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

সৈয়দপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে বিশেষ অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৫ আগস্ট) শহরের বিভিন্ন বাজারে পরিচালিত এ অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চাল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বাসি খাবার সংরক্ষণের মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে সৈয়দপুর পৌর বাজারের সাব্বির চাল ঘরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সুগন্ধি চিনিগুড়া চাল বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ জরিমানা করা হয়।

অন্যদিকে, পৌর কাঁচাবাজারের মুন হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বাসি খাবার সংরক্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

শহীদ জহরুল হক সড়ক (বিচালী পট্টি), শহীদ ডা. জিকরুল হক রোড ও প্রধান কাঁচামাল বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুগন্ধি চাল, ডিম, কাঁচা সবজি, কাঁচা মরিচসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক শামসুল আলম বলেন, বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং খাদ্যপণ্যের মান ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত তদারকি চলছে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি পণ্যের সঠিক মূল্য ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হচ্ছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকবিলা বলেন, ব্যবসায়ীরা যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়িয়ে ভোক্তাদের হয়রানি করতে না পারেন এবং খাদ্যপণ্যে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়, সে বিষয়ে প্রশাসন গুরুত্ব দিচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর