শিরোনাম

সুন্দরবনে ১১ জেলে অপহরণের অভিযোগ, সক্রিয় ১১ দস্যু বাহিনী: কোস্টগার্ড

সুন্দরবনে ১১ জেলে অপহরণের অভিযোগ, সক্রিয় ১১ দস্যু বাহিনী: কোস্টগার্ড

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে উপকূলীয় এলাকায় আন্দোলন-বিক্ষোভ চলার মধ্যেই সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খাল থেকে অন্তত ১১ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। তাঁদের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছেন ফিরে আসা জেলেরা। এ ঘটনায় সুন্দরবননির্ভর হাজারো বনজীবী ও তাঁদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র, অপহৃত জেলেদের স্বজন এবং সুন্দরবন থেকে ফিরে আসা জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী, শ্যামনগরের গাবুরা ইউনিয়নের আমির আলী ও দাতিনাখালী গ্রামের আলম সানার নেতৃত্বাধীন দুটি জলদস্যু চক্রের পরিচয়ে এসব অপহরণ করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে রোববার বিকেল পর্যন্ত সুন্দরবনের নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেড়ে ও রায়মঙ্গল নদীর বিভিন্ন স্থান থেকে জেলেদের জিম্মি করে বনে নিয়ে যাওয়া হয় বলে তাঁদের দাবি।

ফিরে আসা জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী, অপহৃতদের অধিকাংশই শ্যামনগর উপজেলার বাসিন্দা। তাঁদের মধ্যে গাবুরার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান ও খোরশেদ; মুন্সিগঞ্জের চুনকুড়ি গ্রামের আবু তাহের, সিংহড়তলীর সুরোত আলী, মথুরাপুর গ্রামের লিয়াকত আলী এবং কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী রয়েছেন।

এ ছাড়া কয়রা উপজেলার গোবরা গ্রামের মোমিন মোড়ল, দিদারুল ও ইমরানের নামও অপহৃতদের তালিকায় রয়েছে।

জেলেদের ভাষ্য, প্রকৃত অপহৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। প্রতিটি নৌকায় তিন থেকে চারজন জেলে থাকলেও সেখান থেকে একজনকে আলাদা করে জিম্মি করা হয়। খোরশেদ, দিদারুল ও ইমরানসহ কয়েকজনের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা করে দাবি করা হয়েছে বলে তাঁরা জানান।

সুন্দরবনে সক্রিয় ১১ দস্যু বাহিনী, সদস্য শতাধিক

সাম্প্রতিক অপহরণের ঘটনায় সুন্দরবনে সক্রিয় জলদস্যু বাহিনীর সংখ্যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, তাঁদের দাপ্তরিক হিসাব অনুযায়ী সুন্দরবনে বর্তমানে ১১টি দস্যু বাহিনী সক্রিয় রয়েছে। এসব বাহিনীর সদস্য সংখ্যা শতাধিক।

তিনি জানান, ধারাবাহিক অভিযানের কারণে দস্যু চক্রগুলো অনেকটাই কোণঠাসা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৫৭ জন জেলে, দুজন পর্যটক ও একজন রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। এ সময়ে ৪১ জন দস্যুকে আটক করা হয়েছে এবং ৫১ জন আত্মসমর্পণ করেছেন।

সম্প্রতি আলোচিত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেপ্তার হওয়ার পরও অপহরণের ঘটনা বন্ধ হয়নি।

তবে উপকূলের আন্দোলনকারী ও জেলেদের দাবি, সুন্দরবনে ছোট-বড় মিলিয়ে বর্তমানে ১২ থেকে ১৪টি সুসংগঠিত দস্যু দল সক্রিয় রয়েছে। তাঁদের অভিযোগ, বনে প্রবেশের সময় নৌকাপ্রতি ৪০ হাজার থেকে এক লাখ টাকার বেশি চাঁদা দিতে বাধ্য করা হয়। চাঁদা দেওয়ার পরও বিভিন্ন সময়ে জেলেদের জিম্মি করে অতিরিক্ত মুক্তিপণ আদায় করা হয়।

জেলেদের নিরাপত্তার দাবিতে উপকূলে আন্দোলন

জেলেদের নিরাপত্তা নিশ্চিত ও সুন্দরবনের নৈরাজ্য বন্ধের দাবিতে গত সপ্তাহ থেকে শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা।

গাবুরা, মুন্সিগঞ্জ ও রমজাননগর ইউনিয়নের জেলে, বাওয়ালি ও স্থানীয় সুধীসমাজ মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করেছেন। এরই ধারাবাহিকতায় গাবুরা থেকে বুড়িগোয়ালিনীর নীলডুমুর খেয়াঘাট পর্যন্ত নৌকা বন্ধন কর্মসূচিও পালন করেন বনজীবীরা।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলাম বলেন, জেলেদের মাধ্যমে অপহরণের খবর পাওয়ার পর বন বিভাগের টহল দল বনের ভেতরে অভিযান চালাচ্ছে। তবে বিশাল বনাঞ্চলে জলদস্যুদের দমন করা শুধু বন বিভাগের পক্ষে অত্যন্ত কঠিন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, সাধারণত জিম্মি হওয়ার পর পরিবারের সদস্যরা গোপনে দস্যুদের সঙ্গে সমঝোতা করেন। এ কারণে জেলেরা অনেক সময় পুলিশকে সঠিক তথ্য দিতে চান না। তবে মুক্তিপণ লেনদেনে ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বনজীবীদের নিরাপত্তায় কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে নজরদারি ও টহল জোরদার করেছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর