শিরোনাম

নরসিংদীতে পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে একজন আটক

নরসিংদীতে পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে একজন আটক

নরসিংদীর পলাশে পর্নোগ্রাফি তৈরি করে আন্তর্জাতিক ওয়েবসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে পরিবারের কয়েকজন নারী সদস্যের ব্যক্তিগত ভিডিও ধারণ করে বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁর ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র জানায়, এর আগে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। সম্প্রতি তিনি পরিবারসহ পলাশের ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় একটি নবনির্মিত ভবনে বাসা পরিবর্তন করেন।

গোপন তথ্যের ভিত্তিতে এনএসআইয়ের একটি দল তাঁদের মালামাল বহনকারী গাড়ির ওপর নজরদারি শুরু করে। পরে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে।

ওসি শাহেদ আল মামুন জানান, ওই বাসা থেকে পর্নোগ্রাফি-সংক্রান্ত বিভিন্ন আলামত পাওয়া গেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর