রাজধানী ঢাকায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চার জাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল প্রতিযোগিতা ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’। রোববার (১৮ অক্টোবর) সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহযোগিতায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের নারী সিনিয়র দল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী আমিনুল হক রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। পরে মাঠের কেন্দ্রস্থলে প্রায় ১৫ মিনিটের মনোমুগ্ধকর দলীয় নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
উদ্বোধনী দিনেই মাঠে গড়ায় দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় দুপুর ২টায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয় নেপাল। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ভারত ও মালদ্বীপ।
উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। চার দেশের নারী হ্যান্ডবল দলকে একই মঞ্চে নিয়ে আসার উদ্যোগ আঞ্চলিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নারী খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, তাঁদের শক্তি, অধ্যবসায় ও খেলাধুলার প্রতি নিবেদন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তরুণদের ক্ষমতায়ন এবং দেশের সর্বস্তরে নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ। নারী হ্যান্ডবলের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে অংশগ্রহণকারী দলগুলোকে ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক হ্যান্ডবলের গুরুত্বপূর্ণ মঞ্চে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পেয়েছে।
টুর্নামেন্টের নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে প্রতিযোগিতাটি উৎসর্গ করা হয়েছে। নারীর ক্ষমতায়ন, সমান অধিকার, মর্যাদা ও সামাজিক অগ্রগতির প্রতি তাঁর বিশ্বাস এই আয়োজনের জন্য প্রেরণার উৎস।
ফেডারেশন সভাপতি আরও বলেন, আইএইচএফ নেশনস ট্রফি শুধু ট্রফি বা পদক জয়ের প্রতিযোগিতা নয়; এটি নারী খেলোয়াড়দের সাহস, আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সংগ্রামের উদযাপন। এই আয়োজন বাংলাদেশসহ এশিয়া জোন-২-এ নারী হ্যান্ডবলের বিকাশে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতাটি। ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে লিগ পর্বের খেলা। এরপর ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ২২ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে চার জাতির এই আন্তর্জাতিক হ্যান্ডবল আসর।