মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণে চার শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলো—মাদ্রাসার শিক্ষার্থী আবিদা সুলতানা (১১), জান্নাত (৯), লিয়া (১০) ও মাইমুনা (৯)। তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসার পাশের ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ওই চার শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।
কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম এবং মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইমন সরদার বলেন, “আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরিত হলো, তা আমি জানি না।”
মাদ্রাসার প্রধান শিক্ষক মোসা. জান্নাত বলেন, মাদ্রাসার পাশে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।