নীলফামারীতে শিশুদের নিয়ে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের মাস্টারপাড়ায় ড্রিম গ্যালারি সুইমিং পুলে বেলুন উড়িয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রশিক্ষণে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে রয়েছেন উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, দক্ষিণ বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারা বেগম ও মেশকাত আলী।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে সহযোগিতা করছে জেলা ক্রীড়া সংস্থা।