শিরোনাম

ফকিরহাটে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

ফকিরহাটে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ঘরের মালামাল পুড়ে গেছে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ (৪২) নামে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে।

নিহত আলী মুসা শেখ মৌভোগ গ্রামের মৃত আজিত শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই ঘরের ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।

আগুন নেভানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আলী মুসা শেখ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, জমি বিক্রির নগদ টাকাসহ ঘরের সব মালামাল পুড়ে গেছে। এতে ছয় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁদের ধারণা।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুকান্ত কুন্ডু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে তাঁর ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

পল্লী বিদ্যুৎ ফকিরহাট জোনের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। তবে তাঁদের কাছে খবর পৌঁছানোর আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি। পরে বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, মৌভোগ গ্রামে বসতবাড়ির আগুন নেভাতে গিয়ে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর