দীর্ঘ ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়। নতুন একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হলেও অবকাঠামোগত সংকট ও পাকা ভবনের অভাবে বিদ্যালয়টিতে দীর্ঘদিন নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব হয়নি। ফলে চরাঞ্চলের শত শত শিক্ষার্থীকে মাধ্যমিক শিক্ষার জন্য দূরবর্তী বিদ্যালয়ে যেতে হতো।
বিদ্যালয়টি ২০২২ সালে এমপিওভুক্ত হলেও নিজস্ব একাডেমিক ভবনের অভাবে পূর্ণাঙ্গ পাঠদান শুরু করা যায়নি। পরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। বর্তমানে ভবনের প্রথম তলার নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই সেখানে নিয়মিত পাঠদান শুরু হবে।

চরমানাইর ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয় হিসেবে এতদিন টিনশেড ভবনে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করা হলেও নতুন ভবন নির্মাণের ফলে আধুনিক পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।
পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের নতুন ভবনে নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় এবং চরমানাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি তানজিমুল হাসান কায়েস।
এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রশিদ মাস্টার, অবসরপ্রাপ্ত সার্জন আবুল কালাম আজাদ, শিক্ষক সঞ্জয় চাকলাদার, ইসরাফিল বেপারী ও তোরাব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণ, প্রধান ফটক স্থাপন এবং মাঠ ভরাটের দাবি জানান। তারা বলেন, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয় চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।
সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিদ্যালয়কে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।