ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। তবে কয়েকটি ইনস্টিটিউট ও বিভাগে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত থাকছে। আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা ইউনিটের পরীক্ষা ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি ইনস্টিটিউট ও বিভাগে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। এসব ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে ন্যূনতম গ্রেডের শর্ত কমানো হয়েছে।
গত ৩১ অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদ্দী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।