জনগণের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন ও ভোগান্তিমুক্ত বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে নতুন অভিযোগ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। এর মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। অচিরেই দেশে বিদ্যুতের ঘাটতি কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ফরহাদ হোসেন আজাদ অভিযোগ করেন, বিগত সরকার বিপুল পরিমাণ ঋণ নিয়ে নিজেদের পছন্দের লোকজনের মাধ্যমে বিদ্যুৎ ক্রয়ের নামে ব্যাপক লুটপাট করেছে। এর ফলে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ সংকট মোকাবিলায় কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে প্রধানমন্ত্রী দেশে ও বিদেশে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ায় ইতোমধ্যে বিদ্যুতের ঘাটতি কমতে শুরু করেছে বলে দাবি করেন তিনি।

নতুন অভিযোগ কেন্দ্রের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সহযোগিতায় এ কেন্দ্রটি চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রায় সাড়ে ১০ হাজার মানুষ বিদ্যুৎ-সংক্রান্ত সেবা পাবেন। কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের প্রান্তিক গ্রাহকেরা এখন থেকে দ্রুত বিদ্যুৎ সেবা ও অভিযোগের প্রতিকার পাবেন।
অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ সাহা, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আশরাফুল আলম খান, পঞ্চগড় জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মাজহারুল আলম ও ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি নজরুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, নতুন অভিযোগ কেন্দ্র চালু হওয়ায় স্থানীয় গ্রাহকেরা বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান পাবেন। একই সঙ্গে এলাকায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ফিতা কেটে নতুন অভিযোগ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।