শিরোনাম

১০ বছর পর নীলফামারীর মকবুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১০ বছর পর নীলফামারীর মকবুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৫৬) হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. আনারুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ডিমলা উপজেলার জিহাদ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনারুল ইসলাম জলঢাকা থানার পূর্ব বালাগ্রাম আদর্শপাড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে। তিনি মামলার ৪ নম্বর আসামি।

এসআরবি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন। প্রথমে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই মো. মহির উদ্দিন বাদী হয়ে জলঢাকা থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি ২১ নম্বর হিসেবে নথিভুক্ত হয়।

মামলার পর থেকে আনারুল ইসলাম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে এসআরবি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সিপিসি-২, এসআরবি-১৩ নীলফামারী ক্যাম্পের একটি দল ডিমলা থানার জিহাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর