পঞ্চগড়ে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধসহ তাঁদের সব ধরনের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা ও ঈমান-আকিদা রক্ষা কমিটি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠন দুটির নেতারা।
সোমবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা অভিযোগ করেন, ভারতের মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভির বিভিন্ন বক্তব্য কোরআন-সুন্নাহবিরোধী এবং ঈমান-আকিদার পরিপন্থী। তাঁর কয়েকটি বক্তব্য তুলে ধরে সেগুলোকে ভ্রান্ত বলে দাবি করেন তাঁরা।
লিখিত বক্তব্যে বলা হয়, তাবলিগের মেহনতের বিরোধিতা নয়, বরং তাবলিগের নামে ভুল আকিদা প্রচারের বিরোধিতা করতেই তাঁরা এ অবস্থান নিয়েছেন। সা’দ কান্ধলভির বক্তব্য নিয়ে ভারতের দারুল উলুম দেওবন্দ একাধিকবার আপত্তি জানিয়েছে বলেও দাবি করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের কর্মকাণ্ডে আলেম-ওলামা ও মুসল্লিরা নিহত ও আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নেতারা জানান, পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এর দায় প্রশাসনকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাহমুদুল আলম, ঈমান-আকিদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ক্বারি মোহাম্মদ আব্দুল্লাহ, খেলাফত মজলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিনসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।