শিরোনাম
শিক্ষক নির্বাচন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে সম্মিলিত জোটের জয়

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে সম্মিলিত জোটের জয়

সাতক্ষীরায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) জেলা শাখার ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনে সম্মিলিত কলেজ শিক্ষক জোট সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের গুরুত্বপূর্ণ সব পদেই জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা। বিপরীতে জামায়াত সমর্থিত প্যানেলের কোনো প্রার্থীই নির্বাচিত হতে পারেননি।

শনিবার শহরের পিএন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ডিগ্রি ও উচ্চমাধ্যমিক কলেজগুলোর ৫৭৪ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দুটি প্যানেলে মোট ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে মো. খলিলুর রহমান ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশফাকুর রহমান পান ১৯৬ ভোট। ফলে ১৩৮ ভোটের ব্যবধানে জয় পান খলিলুর রহমান। এ পদে ১০টি ভোট বাতিল হয়েছে।

সাধারণ সম্পাদক পদে ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জিয়া পরিষদের সভাপতি ও কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ পাড়। তাঁর প্রতিদ্বন্দ্বী এস এম সফিউল ইসলাম পেয়েছেন ১৯৫ ভোট। ১৪৭ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন নূর মোহাম্মদ পাড়।

এবারের নির্বাচনে মো. খলিলুর রহমান ও নূর মোহাম্মদ পাড়ের নেতৃত্বাধীন সম্মিলিত কলেজ শিক্ষক জোট সমর্থিত প্যানেলের সঙ্গে অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপুর নেতৃত্বাধীন জামায়াত সমর্থিত প্যানেলের মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। আশফাকুর রহমান বিপু কলারোয়া উপজেলা জামায়াতের সহসাধারণ সম্পাদক এবং সোনার বাংলা কলেজের অধ্যক্ষ।

ফল প্রকাশের পর বিজয়ী সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাড় বলেন, শিক্ষক সমাজ তাঁদের ওপর যে আস্থা রেখেছেন, নতুন কমিটি সেই আস্থার মর্যাদা ধরে রাখতে কাজ করবে। শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে সংগঠনকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এস এম শহিদুল আলম ৩৪৮, মো. অলিউল ইসলাম ৩৪২, মো. আবুল কালাম ৩৩৯ এবং মো. আজিয়ার রহমান ৩৩৪ ভোট পেয়ে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শাহাদাৎ হোসেন পেয়েছেন ৩৪৫ ভোট।

সহ-সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ৩৪৫ এবং মো. সাইফুল ইসলাম ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মো. আবদুল জব্বার ৩৫১ এবং সাংগঠনিক সম্পাদক পদে জি এম আবদুল ওহাব ৩৬৪ ভোট পেয়েছেন।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে মো. আরিফ হোসেন ৩৪৮, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ইদ্রিস আলী ৩৪৪ এবং প্রকাশনা ও প্রচার সম্পাদক পদে মো. নাজমুল হক ৩৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

গণসংযোগ সম্পাদক পদে শেখ রফিকুল ইসলাম ৩৪০, সমাজকল্যাণ সম্পাদক পদে আসিফ বায়েজীদ ৩৫১, ক্রীড়া সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম ২৭৪, মহিলা সম্পাদক পদে নাসরিন আক্তার বানু ৩৩০ এবং সহ-মহিলা সম্পাদক পদে চম্পা রানী হাজরা ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদেও সম্মিলিত কলেজ শিক্ষক জোট সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেন—মো. রেজাউল করিম, মো. বাবলুর রহমান, মো. নওরশাদ আলম, মো. তৌহিদুল রহমান-১, মো. তোফাজ্জল হোসেন, মো. সাইদুল হোসেন, মো. আমজাদ হোসেন, বাসুদেব কুমার সিংহ, মো. আবদুল মান্নান, মো. কামরুজ্জামান, এস এম শফিকুল আজম, শঙ্কর কুমার সরকার, আবু সাঈদ তৌহিদ উদ্দীন আহমেদ, মো. ইয়াসিন আলী, রবীন্দ্রনাথ কর্মকার, অমরেন্দ্র নাথ মৃধা, পরেশ কুমার পাল, এস এম আবদুল মান্নান, হারুন-অর-রশিদ, আবুল হাসান মো. ফিরোজ কবীর, এস এম কামরুজ্জামান, শেখ মঞ্জুরুল ইসলাম, পরমেশ চন্দ্র ঘরামী, মো. আনারুল ইসলাম, মো. আহসান হাবিব, মো. আশফাকুর রহমান, বি এম আশরাফ উদ্দীন, সরদার নুরুল ইসলাম, মো. শফিউল আলম, মধুসূদন মন্ডল, সন্দীপ দাস, নাজমুল হাসান ও পবিত্র কুমার মন্ডল।

নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। সংশ্লিষ্টদের মতে, নতুন কমিটির সামনে এখন শিক্ষকদের পেশাগত দাবি ও অধিকার আদায়ের পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বড় দায়িত্ব রয়েছে

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর