শিরোনাম

বহু জায়গায় সরকারি দল উল্টাপাল্টা করছে: জামায়াতের আমির

বহু জায়গায় সরকারি দল উল্টাপাল্টা করছে: জামায়াতের আমির
ছবি: সংগৃহীত

“বহু জায়গায় ইতোমধ্যেই সরকারি দল অনেক উল্টাপাল্টা করছে” বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, “আপনারা দেখেছেন বহু জায়গায় ইতোমধ্যে সরকারি দল অনেক উল্টাপাল্টা করছে। তারা গণভোটকে অগ্রাহ্য করেছে। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে অত্যন্ত দুর্বল ও বিতর্কিত একজন মানুষকে সেই সম্মানজনক জায়গায় বসিয়েছে।”

তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন ৪২টি জেলায় প্রশাসক নিয়োগ দিয়ে বসানো হয়েছে। একটি ডেমোক্রেটিক প্রসেসে দেশ যখন এগোচ্ছে, তখন কেন প্রশাসক নিয়োগ দিতে হবে? দলীয় লোকদের কেন দিতে হবে? বিভিন্ন জায়গায় নির্বাচনে জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের আবার বড় বড় জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। এটাকে কি জনগণের সঙ্গে এক ধরনের তামাশা নয়?”

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানের চর্চার জায়গা। সেখানে এখন দলীয় অনুগত লোকদের ভিসি, প্রো-ভিসি, প্রক্টর ও প্রভোস্টের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এগুলোর কোনো জবাব নেই।”

তিনি আরও বলেন, “মনে রাখবেন, আপনাদের পরিকল্পনাই ফাইনাল না, আল্লাহ তায়ালার মহাপরিকল্পনাই ফাইনাল। অতীতের সরকার সাড়ে ১৫ বছরে সবকিছু সাজিয়েছিল, কিন্তু দুই দিনের মাথায় সব তছনছ হয়ে গেছে।”

রংপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা রংপুর অঞ্চলকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই। এটি শুধু মুখের কথা নয়, বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয়, বেসরকারি ও আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হবে। বর্তমান সরকার যদি আমাদের ভাবনার বিষয়গুলো বাস্তবায়ন করে, তবে তাদেরও ধন্যবাদ জানাবো।”

এর আগে একদিনের সফরে শুক্রবার সকাল ৯টায় রংপুরে পৌঁছান তিনি। পরে সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে যোগ দেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধন করেন তিনি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর