সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নতুন ধরনের মাদক ‘কুশ’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ১২ কেজি ‘কুশ’-এর আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৩ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সাতক্ষীরা শহরের ঝাউডাঙ্গা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেলে করে ঝাউডাঙ্গার দিকে যাওয়ার পথে তারিকুজ্জামান (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গাজীডাঙ্গী গ্রামের ইব্রাহিমের ছেলে।
তল্লাশির সময় তার কাছ থেকে ১২ কেজি ‘কুশ’ মাদক উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের মূল্য প্রায় ৬ কোটি টাকা, মোটরসাইকেলের মূল্য ২ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনের মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কুশ’ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে উৎপন্ন হলেও বর্তমানে বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (THC) ও অন্যান্য রাসায়নিক উপাদান মিশিয়ে তরল, পাউডার বা ট্যাবলেট আকারে সিনথেটিক মাদক হিসেবে প্রস্তুত করা হচ্ছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। তিনি মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।