শিরোনাম

সাতক্ষীরায় নিষিদ্ধ কীটনাশক ও নকল সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

সাতক্ষীরায় নিষিদ্ধ কীটনাশক ও নকল সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

সাতক্ষীরার তালায় নিষিদ্ধ কীটনাশক ও বিভিন্ন ব্র্যান্ডের নকল সার মজুত ও বিক্রির অভিযোগে মশিউর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তালা উপজেলার শুভাশিনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ (সিপিসি-১) ও তালা উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযানটি চালায়।

র‌্যাব-৬ (সিপিসি-১) জানায়, অভিযানে ঘটনাস্থল থেকে আনুমানিক পাঁচ লাখ টাকা মূল্যের প্রায় ১ হাজার ৫০০ কেজি অবৈধ কেমিক্যাল জব্দ করা হয়। এর মধ্যে ৬০০ কেজি নিষিদ্ধ প্যারা কোয়াড (ঘাসমারা ওষুধ) এবং ৮৭০ কেজি জিংকসহ বিভিন্ন ভেজাল উপকরণ রয়েছে।

র‌্যাব-৬ (সিপিসি-১)-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, শুভাশিনী এলাকায় দীর্ঘদিন ধরে এক ব্যবসায়ী নিষিদ্ধ কীটনাশক প্যারা কোয়াড এবং জিংকসহ বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের সারের নকল মোড়ক ও কৌটা ব্যবহার করে ভেজাল পণ্য বাজারজাত করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য ও উপকরণ জব্দ করা হয়।

পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সার ও কীটনাশক আইনে অভিযুক্ত মশিউর রহমানকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

জব্দ করা মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর