মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহকে ‘না’ বলে লাল কার্ড তুলে শপথ নিয়েছে ঠাকুরগাঁওয়ের আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে মোবাইল আসক্তি থেকে দূরে থেকে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার করেছে তারা।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক-মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে লাল সবুজ উন্নয়ন সংঘ।
সভায় শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এসব সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
পরে শিক্ষার্থীদের হাতে লাল কার্ড তুলে দেওয়া হয়। মাদক, কিশোর অপরাধ, বাল্যবিবাহ ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকার অঙ্গীকার করে শিক্ষার্থীরা লাল কার্ড উঁচিয়ে শপথ নেয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন। তিনি বলেন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় বক্তব্য দেন এটিএন নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ সামাদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জহরুল হকসহ গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি সমাজের অন্যদেরও এসব বিষয়ে সচেতন করার আহ্বান জানান।
সভায় মাদকবিরোধী সচেতনতা, কিশোর অপরাধ প্রতিরোধ, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ এবং মোবাইল আসক্তি নিয়ন্ত্রণে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।