নরসিংদীর রায়পুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফারুক মিয়া (৪৫) নামে এক কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ফারুক মিয়া চর-আড়ালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল চলাকালে হঠাৎ দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে ফারুক মিয়ার পাঞ্জাবি ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক চর-আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার এবং চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মিঠুর সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। মিছিলের সময় তা সংঘর্ষে রূপ নেয়।
আতাউর রহমান মিঠু অভিযোগ করেন, হাসানুজ্জামান সরকারের কয়েকজন সমর্থক তাদের কর্মীদের ওপর হামলা চালান। তবে এ বিষয়ে হাসানুজ্জামান সরকারের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি।
ঘটনার পর বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডেকে বৈঠক করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
তিনি বলেন, “যারা বিএনপিতে থেকে বিএনপির নেতৃবৃন্দকে মারধর করবে, ওই বিএনপি করা লোক আমার দরকার নাই।” সাত দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু সমাধান না হলে জড়িতদের দল থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি।