শিরোনাম

মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়ির মহালছড়িতে থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি সচল পিস্তল, গুলি, শটগানের কার্তুজ, চাঁদা আদায়ের রশিদ ও টোকেনসহ সোনা চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইউপিডিএফের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এসআই মো. শফিকুল ইসলাম ও এসআই মো. আবদুল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল এবং মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি টহল দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, মহালছড়ি থানার মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি মৌজার জগন্নাথপাড়া সংলগ্ন এলাকায় শ্যামল চাকমার মালিকানাধীন সেগুন বাগানে অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে একটি ম্যাগাজিন, একটি সচল পিস্তল, পিস্তলের ছয় রাউন্ড গুলি, দুটি শটগানের কার্তুজ, একটি চাঁদা আদায়ের রশিদ বই এবং ‘জনতার মুক্তির সংগ্রামে এগিয়ে আসুন’ লেখা একটি টোকেন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সোনা চাকমা ওরফে বিকাশ চাকমা (৫৫) খাগড়াছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নের চিত্ত রঞ্জন কার্বারীপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আরবো চাকমা এবং মায়ের নাম মৃত মেনতা চাকমা।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, অভিযানে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি পাহাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর