শিরোনাম
সুন্দরবনের জেলে পরিবারে উৎকণ্ঠা

নদ-নদীতে বেড়েছে ঢেউ, সাতক্ষীরায় ৩ নম্বর সতর্ক সংকেত

নদ-নদীতে বেড়েছে ঢেউ, সাতক্ষীরায় ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় শুক্রবার সকাল থেকে বৃষ্টি ও দমকা বাতাস বইছে। এতে সুন্দরবনসংলগ্ন নদ-নদীতে ঢেউ ও স্রোত বেড়েছে। ফলে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে থাকা জেলেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন স্বজনরা।

সাতক্ষীরায় বর্তমানে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি রয়েছে। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় জনজীবনেও এর প্রভাব পড়েছে। উপকূলীয় নদ-নদীতে বাতাস ও ঢেউ বাড়ায় সুন্দরবনে অবস্থানরত জেলেদের পরিবারের সদস্যদের উৎকণ্ঠাও বেড়েছে।

জেলে পরিবারের সদস্যরা জানান, জীবিকার প্রয়োজনে অনেক জেলে কয়েক দিন ধরে সুন্দরবনের নদী ও খালে মাছ ও কাঁকড়া ধরছেন। শুক্রবার সকাল থেকে বৃষ্টি ও বাতাসের তীব্রতা বাড়ায় মোবাইল ফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করে নিরাপদে থাকার অনুরোধ করছেন স্বজনরা।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, সুন্দরবনের নদী-খালে অবস্থানরত জেলেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি খারাপ হলে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং ওডিশা-অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় বর্তমানে ৩ নম্বর সংকেত চলছে। আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। উপকূলীয় নদী অববাহিকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর