শিরোনাম

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ১৭ ডেঙ্গু রোগী ভর্তি, হাসপাতালে চিকিৎসাধীন ৪৫

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ১৭ ডেঙ্গু রোগী ভর্তি, হাসপাতালে চিকিৎসাধীন ৪৫

সাতক্ষীরায় হঠাৎ বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ডেঙ্গু রোগী প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্তদের প্রয়োজন অনুযায়ী জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরায় মোট ১৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

হাসপাতালভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে—৭ জন। এ ছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, সাতক্ষীরা সদর হাসপাতালে ৩ জন এবং কালীগঞ্জ ও কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, সদর হাসপাতালে ১০ জন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, কালীগঞ্জে ৫ জন, কলারোয়ায় ৪ জন, আশাশুনিতে ২ জন এবং শ্যামনগরে ১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য হাসপাতালে আরও কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।

ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়ার পাশাপাশি ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।

তিনি আরও বলেন, জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর