শিরোনাম

মাদারীপুরে ইতালি প্রবাসীর বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, আহত ২, আটক ১

মাদারীপুরে ইতালি প্রবাসীর বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, আহত ২, আটক ১

মাদারীপুর সদর উপজেলায় ইতালি প্রবাসীর বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। আটক সালাউদ্দিন গাজী মধ্য পেয়ারপুর গ্রামের মাফেজ গাজীর ছেলে। তিনি রাজ্জাক মোল্লার খালাতো ভাই বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে রাজ্জাক মোল্লার বাড়ির পেছনের একটি কক্ষে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘরের টিনশেডের বেড়া ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন গাজীকে আটক করে। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরণের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই কক্ষে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য একাধিক টিম কাজ করছে। আটক সালাউদ্দিন গাজীকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আহতদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কেউ এখনো সরকারি হাসপাতালে ভর্তি হননি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর