শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতাকে নিয়ে ওসির বৈঠক, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতাকে নিয়ে ওসির বৈঠক, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে পাশে নিয়ে বৈঠকে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে ওসির প্রত্যাহারসহ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি।

রোববার দুপুরে গোমস্তাপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ। তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে ওসি নূরে আলম বৈঠক করছেন। বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশের দৃশ্যমান তৎপরতা নেই বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি নেতারা আরও অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘোরাফেরা ও বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। কিন্তু তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সম্প্রতি গোমস্তাপুর উপজেলার নুহু স্ট্যান্ডে আয়োজিত একটি মাদকবিরোধী উঠান বৈঠকের প্রসঙ্গ তুলে বিএনপি নেতারা বলেন, ওই অনুষ্ঠানে ওসি নূরে আলমের পাশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল চেয়ারম্যানের ভাতিজা এবং উপজেলা যুবলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মধুকে বসে থাকতে দেখা যায়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওসির প্রত্যাহারের দাবি জানান তারা।

তবে বিএনপির অভিযোগ অস্বীকার করেছেন গোমস্তাপুর থানার ওসি নূরে আলম। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী উঠান বৈঠকে একটি চেয়ার ফাঁকা থাকায় জান্নাতুল ফেরদৌস মধুকে সেখানে বসানো হয়েছিল। অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ওসি আরও বলেন, জান্নাতুল ফেরদৌস মধু যুবলীগের কোন পদে রয়েছেন, তা তার জানা ছিল না। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা নিয়মিতভাবেই নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর