শিরোনাম

বিয়ে শেষে কনেকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

বিয়ে শেষে কনেকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিয়ে শেষে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) রাত প্রায় ৩টার দিকে নীলফামারী-রংপুর আঞ্চলিক মহাসড়ক থেকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ে শেষে বরযাত্রীসহ প্রায় ১৫ জন কনেকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন।

রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা বর, কনেসহ ১৪ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জীবন ইসলাম ও রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, রাতে ১৪ জন আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর