শিরোনাম
ট্যাগ অফিসারকে অব্যাহতি

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র কেলেঙ্কারি

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র কেলেঙ্কারি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের তত্ত্বাবধায়ক (ট্যাগ অফিসার) উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় কেন্দ্র সচিব ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীরকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে দিনাজপুর শিক্ষা বোর্ডে চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ।

জানা গেছে, গত ১৯ জুলাই কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি ইতিহাস প্রথমপত্র পরীক্ষা শুরু হলে পরীক্ষার্থীদের ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ওই প্রশ্নপত্রে উত্তর লেখেন। পরে বিষয়টি ধরা পড়লে পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং অতিরিক্ত সময় দিয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান তাৎক্ষণিকভাবে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ফিরোজুল আলমকে অব্যাহতি দেন এবং ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন। তদন্ত কমিটি গত মঙ্গলবার তাদের প্রতিবেদন জমা দেয়।

ইউএনও আরিফুর রহমান বলেন, তদন্ত শেষ করে প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ বলেন, দায়িত্বে অবহেলার কারণে ট্যাগ অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার স্থলে সহকারী অধ্যক্ষকে দায়িত্ব দেওয়ার জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডে সুপারিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর