বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম গুরুতর দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল জানান, ঘরের পাশে রাখা বালুর বস্তার মধ্যে থাকা একটি বিস্ফোরক সদৃশ বস্তু বিস্ফোরিত হয়। এতে তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তারা পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে বিস্ফোরকটি সেখানে কীভাবে এলো, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই বলে জানান তিনি।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।”
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।