দেশে চলমান গ্যাস সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংকট মোকাবিলায় বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে আগামী তিন মাসের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালী কড়াইল টিঅ্যান্ডটি মাঠে দরিদ্র মানুষের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সরকার গ্যাস সংকট সমাধানে কাজ করছে। কারিগরি ত্রুটি কমানো হয়েছে এবং দ্রুত বিদ্যুৎ সংকট থেকে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা চলছে।
তিনি বলেন, বিরোধী দলগুলো যদি মনে করে বর্তমান সংকটের ভিন্ন কোনো সমাধান রয়েছে, তাহলে আগামী তিন মাসের মধ্যে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি নিশ্চিত হবে এবং জবাবদিহির মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। আগামী এক মাসের মধ্যে স্কুলশিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করা হবে বলেও জানান তিনি।
এ ছাড়া দেশের সব উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।