পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদিন (৫৫) নামে এক ব্যাংকের নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) দুপুরে পঞ্চগড়-বোদা মহাসড়কের মিলগেট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদিন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাজোত এলাকার আসিরউদ্দিনের ছেলে। তিনি পূবালী ব্যাংক পিএলসির বোদা উপজেলা শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২টার দিকে জয়নাল আবেদিন মোটরসাইকেলযোগে মিলগেট বাজার হয়ে মিলগেট-মাড়েয়া সড়কের দিকে বাঁক নিচ্ছিলেন। এ সময় পেছন থেকে বোদাগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে মাথা, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।