শিরোনাম

সৈয়দপুরে মাদক-চুরি-অপরাধ বন্ধের দাবিতে গণআবেদন ও সমাবেশ

সৈয়দপুরে মাদক-চুরি-অপরাধ বন্ধের দাবিতে গণআবেদন ও সমাবেশ

নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর গ্রামে মাদক, চুরি-ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে গণআবেদন ও মাদকবিরোধী সমাবেশ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। এতে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধ বেড়েছে। এসব কর্মকাণ্ডে বাধা দিতে গেলে সংশ্লিষ্টরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ তাঁদের।

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ওসি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ডিবিসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে বলে জানান এলাকাবাসী। তবে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে তাঁদের দাবি।

এলাকাবাসীর অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করে মাদক বিক্রি, সেবন, চুরি ও অন্যান্য অপরাধে জড়িত থাকার দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের প্রেক্ষিতে গত ২৯ আগস্ট এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুর বিএনপির রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আকতার, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অবিলম্বে মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম বলেন, এখন থেকে এসব কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর