সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এক নারী চিকিৎসক ও এক নৈশপ্রহরীর বিরুদ্ধে শোকজ ও সাময়িক বরখাস্তের (সাসপেন্ড) নির্দেশ দেন তিনি।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে মন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। তিনি হাসপাতালের রান্নাঘর, জরুরি বিভাগ, বহির্বিভাগ, অপারেশন থিয়েটার, এক্স-রে বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় দায়িত্বে অনুপস্থিত থাকায় চিকিৎসক ডা. সানজিদা আক্তার তুলি এবং দায়িত্বে অবহেলার অভিযোগে নৈশপ্রহরী মো. মোস্তফা কামালের বিরুদ্ধে শোকজ ও সাময়িক বরখাস্তের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফয়সাল আহমেদ, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।
.jpeg)
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে দেশের অনেক উপজেলা হাসপাতাল ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এসব হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, নারী রোগীদের জন্য নারী চিকিৎসকের ব্যবস্থা, ব্রেস্ট কর্নার, ফিজিওথেরাপি সেন্টার, ট্রমা সেন্টার এবং আধুনিক অপারেশন থিয়েটার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না। রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালও পরিদর্শন করেন। সেখানে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান যাচাই করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীরা মন্ত্রীকে জানান, সেদিনের খাবারের মান সন্তোষজনক ছিল।
এ সময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।