শিরোনাম

চিকিৎসক দেখানোর কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

চিকিৎসক দেখানোর কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় চিকিৎসকের কাছে দেখানোর কথা বলে খুলনার কয়রা থেকে এক গৃহবধূকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী ও দুই যুবকের বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ৪০ বছর বয়সী ওই নারী।

পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা যায়, এক আত্মীয়ের মাধ্যমে তালা উপজেলার রাজু নামে এক যুবকের সঙ্গে ওই গৃহবধূর পরিচয় হয়। রাজু সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। গত বৃহস্পতিবার বিকেলে চিকিৎসক দেখানোর কথা বলে তিনি ওই নারীকে কয়রা থেকে তালায় নিয়ে আসেন।

তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় সেদিন চিকিৎসক দেখানো সম্ভব হবে না জানিয়ে পরদিন চিকিৎসক দেখানোর কথা বলেন রাজু। এ জন্য তালা ব্রিজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় রাতে থাকার প্রস্তাব দেন তিনি। ওই বাসায় তাঁর মা ও বোন রয়েছেন—এমন আশ্বাসে ওই নারী সেখানে থাকতে রাজি হন।

মামলার অভিযোগে বলা হয়েছে, রাতে বাসায় থাকা এক নারীর সহযোগিতায় খাবারের সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ মিশিয়ে ওই গৃহবধূকে খাওয়ানো হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে রাজু তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

জ্ঞান ফেরার পর বিষয়টি জানতে চাইলে ওই নারীকে গালিগালাজ করা হয় এবং মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। পরে ওই রাতে আরও দুই যুবক তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

পরদিন শুক্রবার সকালে সুযোগ বুঝে ওই বাসা থেকে বের হয়ে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে তালা থানায় যান তিনি। পরে থানায় গিয়ে মামলা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা করা হয়েছে। প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তদন্তের স্বার্থে মামলার আসামিদের পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানান ওসি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর