শিরোনাম

বিএনপির বহু নেতা-কর্মী গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন: জহির উদ্দিন স্বপন

বিএনপির বহু নেতা-কর্মী গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন: জহির উদ্দিন স্বপন
মঙ্গলবার বিকেলে গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীনতার পর দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সংকুচিত করা হয়েছিল। পরবর্তী সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের শৃঙ্খলা, খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্রের জন্য বিএনপির বহু নেতা-কর্মী আত্মত্যাগ করেছেন।

সর্বশেষ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আবু সাঈদ, ছাত্রদল কর্মী ওয়াসিমসহ অনেকে প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়েছে। এ ছাড়া গণতন্ত্রের জন্য ২২১ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন তিনি।

শেখ হাসিনার প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যাসিবাদী শাসকেরা সামাজিকভাবে বয়কট হয়েছে এবং শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কারাগারে যেতে হবে।

সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান মুকুল। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা এতে বক্তব্য দেন।

এর আগে এক দিনের সফরে নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন জহির উদ্দিন স্বপন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর