শিরোনাম

জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন, ভিডিও ছড়িয়ে তদন্তে পুলিশ

জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন, ভিডিও ছড়িয়ে তদন্তে পুলিশ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) এ ঘটনা ঘটে। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে ‘আল-সাদিক হৃদয়’ নামের একটি ফেসবুক আইডি থেকে ঘটনাটির ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে জ্বলন্ত কাপড় স্মৃতি স্তম্ভের দিকে নিক্ষেপ করতে দেখা যায়। এরপর সেখানে আগুন জ্বলতে দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্মৃতি স্তম্ভের পাশে কিছু পোড়া কাপড় ও ছাই পড়ে রয়েছে। তবে স্মৃতি স্তম্ভের মূল কাঠামোয় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।

ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা আগে থেকেই এমন ঘটনার আশঙ্কার কথা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম। জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।” তিনি জানান, ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে।

ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, “তদন্ত ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।”

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি যে ফেসবুক আইডি থেকে প্রকাশিত হয়েছে, সেটি মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তির বলে দাবি করা হচ্ছে। তবে ওই ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত কি না বা ভিডিওটি কীভাবে তার আইডি থেকে প্রকাশিত হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর