শিরোনাম

বোদায় দুই স্কুলে এসএসসি পরীক্ষার্থী ৪, পাস করেনি কেউ

বোদায় দুই স্কুলে এসএসসি পরীক্ষার্থী ৪, পাস করেনি কেউ

পঞ্চগড়ের বোদা উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে দুটি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এ বছর প্রতিষ্ঠান দুটির মাত্র চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি কেউ। এর মধ্যে একটি বিদ্যালয় থেকে একজন এবং অন্যটি থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নেয়। চারজনই অকৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠান দুটি হলো—উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় ও বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র একজন শিক্ষার্থী। ফল প্রকাশের পর দেখা যায়, ওই শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে। অন্যদিকে বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের কেউ পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) সরেজমিনে বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে প্রায় ১০০ শিক্ষার্থী থাকার কথা থাকলেও দুপুরে উপস্থিত ছিল মাত্র ১০ জনের মতো। এ সময় তিনজন শিক্ষককে বিদ্যালয়ে পাওয়া গেলেও প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-কর্মচারীদের দেখা যায়নি।

বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ মোট ১০ জন শিক্ষক ও পাঁচজন কর্মচারী রয়েছেন বলে জানা গেছে। তবে বিদ্যালয় প্রাঙ্গণে কোনো সাইনবোর্ডও দেখা যায়নি। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান হয় না। শিক্ষকরা বিদ্যালয়ে এসে কিছুক্ষণ অবস্থান করে চলে যান এবং শিক্ষার্থীদের উপস্থিতিও খুবই কম। তাঁদের দাবি, এমপিওভুক্তির আশায় কোনোভাবে প্রতিষ্ঠানটি চালু রাখা হয়েছে। আগের বছরগুলোতেও বিদ্যালয়টির ফলাফল সন্তোষজনক ছিল না বলে জানান তাঁরা।

তবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ললিতা রাণী বলেন, “আমাদের স্কুল থেকে এবার একজন পরীক্ষা দিয়েছে। সে ফেল করেছে। সে পড়ালেখায় দুর্বল ছিল।”

অন্যদিকে বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের কোনো সাইনবোর্ড পাওয়া যায়নি। একটি কক্ষ বন্ধ অবস্থায় দেখা যায়। পাশে টিনের ছাউনি দেওয়া একটি বড় ঘর থাকলেও সেটির দরজা-জানালা ও বেড়া নেই। বিদ্যালয়টির নিয়মিত কার্যক্রম নিয়েও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুর ইসলাম বলেন, “এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, বোদা উপজেলায় দুটি নন-এমপিও প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন পরীক্ষার্থী ছিল, সে ফেল করেছে। আর বোদা সর্দারপাড়া বালিকা বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী ছিল, তিনজনই ফেল করেছে।”

তিনি আরও বলেন, “এই দুটি প্রতিষ্ঠানই নন-এমপিও। এখানে পাঠদানের ধারাবাহিকতা কখনোই ছিল না। বিষয়টি আমরা খতিয়ে দেখব। প্রতিষ্ঠান দুটিকে মূলধারায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ফিডব্যাক ও লজিস্টিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হবে।”

মাত্র চারজন পরীক্ষার্থী এবং চারজনেরই অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রতিষ্ঠান দুটির পাঠদান, শিক্ষার্থী উপস্থিতি, শিক্ষক উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমের মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, শুধু পরীক্ষার ফল নয়, প্রতিষ্ঠান দুটির সার্বিক কার্যক্রমও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর