শিরোনাম

সৈয়দপুর রেলওয়ে সরকারি স্কুলে মাদকের আড্ডা, থানায় লিখিত অভিযোগ

সৈয়দপুর রেলওয়ে সরকারি স্কুলে মাদকের আড্ডা, থানায় লিখিত অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ও আশপাশের এলাকায় মাদকসেবী ও কারবারিদের আড্ডা বসার অভিযোগ উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদকসেবন ও আড্ডার কারণে বিদ্যালয়ের শিক্ষা ও সামাজিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দুটি পরিত্যক্ত ভবনকে ঘিরে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিছু বহিরাগত ও বখাটে ব্যক্তির আনাগোনা থাকে। তাঁদের বিরুদ্ধে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় মাদকদ্রব্য সেবন এবং আড্ডা দেওয়ার অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের কর্মচারীরা তাঁদের বাধা দিতে গেলে মারমুখী আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে এবং তাঁদের ওপর নেতিবাচক সামাজিক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় আমরা অত্যন্ত চিন্তিত। প্রতিদিন সন্ধ্যার পর বিদ্যালয়ের আশপাশে বহিরাগত ও অসৎ ব্যক্তিদের যাতায়াত এবং মাদকের আড্ডা বেড়ে যায়। এতে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরাও নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। আমরা দ্রুত পুলিশ প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও কঠোর আইনানুগ পদক্ষেপ চাই।”

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। ওই এলাকায় দ্রুত নৈশ ও বিশেষ টহল জোরদার করা হবে।

তিনি আরও বলেন, মাদকসেবন বা মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষসহ স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পুলিশ ও উপজেলা প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর