ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিলের খাবার পরিবেশন করা হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থীর পেটব্যথা, বমি, বমি ভাব ও মাথা ঘোরার উপসর্গ দেখা দেয়। পরে একে একে প্রায় ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, খাদ্যে বিষক্রিয়া কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা কর্মকর্তা পুতুল চন্দ্র রায় বলেন, শিক্ষার্থীরা বর্তমানে সুস্থ রয়েছে। কী কারণে তারা অসুস্থ হয়েছে এবং খাবারে কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।
প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।