শিরোনাম

পার্বতীপুরে ট্রেনে চুরি সিন্ডিকেটের মূল হোতাসহ ৫ জন গ্রেপ্তার

পার্বতীপুরে ট্রেনে চুরি সিন্ডিকেটের মূল হোতাসহ ৫ জন গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে আন্তনগর ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরির অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ছিনতাই ও ‘মলম পার্টি’র সঙ্গে জড়িত থাকতে পারেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২০ সেপ্টেম্বর) তাঁদের বিরুদ্ধে মামলা করা হয় এবং বিকেলে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনি দক্ষিণপাড়া এলাকার কেরামত আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৯), গাইবান্ধা শহরের পুলিশ লাইনসংলগ্ন আদর্শপাড়া এলাকার সুরিং বিশ্বাসের ছেলে সুরুজ মিয়া (৪৮), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মণ্ডলপাড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে লিটন রানা (৩০), একই উপজেলার তেলীপাড়া মেকুরটারী এলাকার কুব্বাত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) এবং নড়াইল সদর উপজেলার ফুলসর পশ্চিমপাড়া এলাকার কুটি মিয়া মোল্লার ছেলে রুহুল আমিন (৫৯)।

পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকাগামী বিভিন্ন আন্তনগর ট্রেনে যাত্রীদের লক্ষ্য করে ছিনতাইয়ের চেষ্টা করতেন। যাত্রী ওঠার সময় দলবদ্ধভাবে কৃত্রিম জটলা বা ব্লকেড তৈরি করে তাঁদের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হতো বলে পুলিশের ভাষ্য।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে গুরুত্বপূর্ণ মালামাল চুরির অভিযোগে একটি চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে। রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বের কোনো মামলা বা অপরাধে সম্পৃক্ততার তথ্য আছে কি না, তা যাচাই করা হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর