সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ উঠেছে। এতে একজন আহত হয়েছেন বলে স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধারের কথাও জানিয়েছেন তারা।
শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু ও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী জানান, রাতের কোনো একসময় দলীয় কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়। তাদের দাবি, দুটি বোমা বিস্ফোরিত হয়েছে এবং আরও দুটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। তবে আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তারা।
ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।
পরে কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল নিরাপদ করে ঘটনার তদন্ত শুরু করে।
স্থানীয় বিএনপি নেতারা এ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।