শিরোনাম

পঞ্চগড় থেকে দৈনিক পত্রিকার ডিক্লারেশন পেল ‘পঞ্চগড় খবর’

পঞ্চগড় থেকে দৈনিক পত্রিকার ডিক্লারেশন পেল ‘পঞ্চগড় খবর’

পঞ্চগড় জেলা থেকে ‘পঞ্চগড় খবর’ নামে নতুন একটি বাংলা দৈনিক পত্রিকা প্রকাশের ডিক্লারেশন পেয়েছেন সাংবাদিক ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন তাঁর কার্যালয়ে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোশাররফ হোসেনের হাতে ডিক্লারেশনের অনুমতিপত্র তুলে দেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পঞ্চগড় প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিক্লারেশন পাওয়ার বিষয়টি জানান মোশাররফ হোসেন।

মোশাররফ হোসেন বলেন, ‘পঞ্চগড় খবর’-এর প্রধান লক্ষ্য হবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্ষুদ্র ও কুটিরশিল্পসহ জেলার গুরুত্বপূর্ণ খাতগুলোকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করা। শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাপন, সমস্যা, সম্ভাবনা ও সুখ-দুঃখও পত্রিকাটিতে তুলে ধরা হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতির বিভিন্ন দিকের সংবাদ প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, পঞ্চগড় একটি সম্ভাবনাময় জেলা। জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনৈতিক সম্ভাবনা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করাও পত্রিকাটির অন্যতম লক্ষ্য।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন দৈনিক দেশ রূপান্তরের পঞ্চগড় প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি এবং পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, চ্যানেল আইয়ের এ রহমান মুকুল, চ্যানেল টোয়েন্টিফোর ও আমার দেশের হোসেন রায়হান, দৈনিক করতোয়ার সামসউদ্দীন চৌধুরী কালাম, সময় টিভির সোহাগ হায়দার, আব্দুল্লাহ আল মামুন রনিক, বিজয় টিভির ইনসান সাগরেদ, সোনালী খবরের আরিফুল ইসলাম ইরান, সমকালের দেবীগঞ্জ প্রতিনিধি হরিশ্চন্দ্র রায়, ডিবিসির ফাহিম হাসান, বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খুসরু লাবলু ও দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির কবির রাজুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মতবিনিময় সভায় পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর