শিরোনাম

পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

এ সময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ মামুন রনিক, জেলা জাসাস নেতা ইউনুস শেখসহ যুবদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অভিযানে যুবদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশের ময়লা-আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বালতিতে সংগ্রহ করেন। পরে এসব ময়লা নির্ধারিত ভাগাড়ে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে মশা নিধনে বিভিন্ন স্থানে স্প্রে করা হয়। পরে পরিচ্ছন্নতা অভিযানটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে শেষ হয়।

কর্মসূচি শেষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু ও জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়েও এ উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের প্রধান সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জনগণকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর