ঠাকুরগাঁওয়ে সাত বছর আগে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় রুবেল ইসলাম ওরফে রুবেল রানাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে আরও ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউজ্জামান চৌধুরী বাদল।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
দণ্ডপ্রাপ্ত রুবেল ইসলাম ওরফে রুবেল রানা ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার খড়িবাড়ি-বদেশ্বরী গ্রামের নান্দু ইসলামের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৭ নভেম্বর বিকেলে দশম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান রুবেল ইসলাম। পরে তাঁকে একটি অজ্ঞাত বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। পরদিন দুপুরে অটোরিকশায় করে স্কুলছাত্রীকে তাঁর বাড়ির সামনে রেখে আসামি পালিয়ে যান।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় রুবেল ইসলাম ওরফে রুবেল রানাকে আসামি করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউজ্জামান চৌধুরী বাদল বলেন, দীর্ঘদিন সাক্ষ্যগ্রহণ শেষে মামলা দায়েরের প্রায় সাত বছর পর আদালত রায় ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন, আদালত দণ্ডিত আসামির সম্পদ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিয়েছেন। আসামি ক্ষতিপূরণের অর্থ দিতে ব্যর্থ হলে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে অর্থ ট্রাইব্যুনালে জমা দিতে হবে। পরে ওই অর্থ ভুক্তভোগীকে দেওয়ার কথা রয়েছে।