শিরোনাম

রিকশাভ্যান হারিয়ে কাঁদছিল কিশোর, পেল নতুন ভ্যান ও খাদ্যসামগ্রী

রিকশাভ্যান হারিয়ে কাঁদছিল কিশোর, পেল নতুন ভ্যান ও খাদ্যসামগ্রী

যাত্রীবেশে প্রতারণার শিকার হয়ে পরিবারের একমাত্র আয়ের মাধ্যম রিকশাভ্যান হারিয়ে কান্নায় ভেঙে পড়েছিল মাদ্রাসাছাত্র রেজওয়ান রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই কান্নার দৃশ্য দেখে এগিয়ে এসেছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।

প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর পৌর কমিউনিটি চত্বরে রেজওয়ান ও তার পরিবারের হাতে নতুন একটি ব্যাটারিচালিত ভ্যান, খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। ভ্যানটির মূল্য প্রায় ৬৫ হাজার টাকা।

উপজেলা প্রশাসন জানায়, গত ২৭ আগস্ট সৈয়দপুরের পার্বতীপুর সড়ক এলাকা থেকে যাত্রীবেশে দুই প্রতারক রেজওয়ানের ভ্যান নিয়ে পালিয়ে যায়। ভ্যান হারিয়ে ওই এলাকায় দাঁড়িয়ে কান্না করছিল শিশুটি। পরে তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ইউএনওর নজরে আসে। তিনি পুলিশকে ভ্যান উদ্ধারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং শিশুটিকে নতুন ভ্যান দেওয়ার প্রতিশ্রুতি দেন।

পুলিশ জানায়, রেজওয়ানের বাবা অসুস্থ থাকায় পরিবারের জীবিকার প্রয়োজনে সপ্তম শ্রেণির ছাত্রটি বাবার ভ্যান নিয়ে বের হয়েছিল। যাত্রীবেশে দুই ব্যক্তি তাকে ৫০০ টাকা ভাড়ার প্রলোভন দেখিয়ে সৈয়দপুরে নিয়ে যায়। পরে পান কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে পালিয়ে যায় তারা।

নতুন ভ্যানের পাশাপাশি রেজওয়ানের পরিবারকে ৪০ কেজি চাল, ৫ কেজি সয়াবিন তেল, দুটি কম্বল, তৈজসপত্র, স্কুলব্যাগ ও জুতা দেওয়া হয়েছে।

ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “রেজওয়ান এখন থেকে শুধু লেখাপড়া করবে। কোনোভাবেই তার হাতে ভ্যানের চাবি দেওয়া যাবে না। ভ্যানটি তার বাবা চালাবেন।”

স্বেচ্ছাসেবী সংগঠন ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আদনান হোসেন জানান, রেজওয়ানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে তাদের সংগঠন। ফলে তাকে আর ভ্যান চালাতে হবে না।

নতুন ভ্যান পেয়ে আনন্দে আত্মহারা রেজওয়ান। সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের ময়নাগুড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর