শিরোনাম

দারিদ্র্যকে জয় করে জিপিএ-৫, বাগেরহাটে দুই মেধাবী শিক্ষার্থীর পাশে ছাত্রদল

দারিদ্র্যকে জয় করে জিপিএ-৫, বাগেরহাটে দুই মেধাবী শিক্ষার্থীর পাশে ছাত্রদল

দারিদ্র্যকে পেছনে ফেলে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা বাগেরহাটের দুই দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রদল। তাদের উচ্চশিক্ষার পথ সুগম করতে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় পৌর ছাত্রদলের দলীয় কার্যালয়ে শেখ আল মামুনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সম্মাননা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন—কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দূর্জয় ঘরামী এবং বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অরিত্র সরকার। এবারের মাধ্যমিক পরীক্ষায় তারা দুজনই জিপিএ-৫ অর্জন করেছে। দুজনই দরিদ্র পরিবারের সন্তান।

সংবর্ধনা পেয়ে অরিত্র সরকার ও দূর্জয় ঘরামী বলেন, দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তাদের এই সাফল্য অর্জন করতে হয়েছে। তারা ভবিষ্যতে প্রকৌশলী হতে চান। পড়ালেখা চালিয়ে যেতে সহযোগিতা পেলে তাদের স্বপ্ন পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেন, দরিদ্র পরিবারের দুই মেধাবী শিক্ষার্থী প্রতিকূলতার মধ্যেও ভালো ফলাফল করেছে। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তারা ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। তাদের উচ্চশিক্ষা এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের সহযোগিতায় সমাজের বিত্তবান ও সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ইমরান হাওলাদার বাবু, ছাত্রদল নেতা ওয়ালিদ হোসাইন, শামিম মুন্সি, সামির আহমেদ, রোহিত হালদার, আল আমিন শেখ, আদনান ফাহিম, রিজভী আহমেদসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর