শিরোনাম

মাদক বিক্রির অভিযোগকে কেন্দ্র করে সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

মাদক বিক্রির অভিযোগকে কেন্দ্র করে সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে মাদক বিক্রির ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাকির ও আব্দুল কাদের নামে দুজন আহত হয়েছেন। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রহ্মরাজপুর বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করাকে কেন্দ্র করে জাকির ও আব্দুল কাদেরের সঙ্গে একই গ্রামের যুবদল নেতা জিয়ারুল ইসলাম জিয়া ও তাঁর ভাই হাফিজুলের বিরোধ চলছিল।

স্থানীয়দের দাবি, ওই বিরোধের জেরে বুধবার বিকেলে ব্রহ্মরাজপুর বাজারে জাকির ও আব্দুল কাদেরকে দেখতে পেয়ে জিয়ারুল ইসলাম জিয়া, তাঁর ভাই হাফিজুল এবং জিয়ার দুই ছেলে ফাহিম ও নাইম তাঁদের ওপর হামলা করেন। এতে দুজন আহত হন। পরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।

আহত জাকির সাতক্ষীরা সদর উপজেলার দুহাকুলা গ্রামের সমিরউদ্দীন মোল্যার ছেলে এবং আব্দুল কাদের একই গ্রামের আফাজউদ্দীনের ছেলে।

এদিকে হামলার ঘটনার পর জাকির-আব্দুল কাদেরের পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে জিয়া, হাফিজুলসহ তাঁদের লোকজনের ওপর পাল্টা হামলা চালানোর চেষ্টা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। একপর্যায়ে প্রতিপক্ষের কয়েকজন একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর রাত পর্যন্ত এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এ বিষয়ে যুবদল নেতা জিয়ারুল ইসলাম জিয়া ও হাফিজুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর