শিরোনাম

জুলাই শহীদদের স্মরণে সৈয়দপুরে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

জুলাই শহীদদের স্মরণে সৈয়দপুরে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

জুলাই শহীদ দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আলোচনা সভা ও শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।

সভায় বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর হোসেন, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহী আক্তার শাহীন, জামায়াত নেতা ওয়াজেদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, উপজেলা প্রকৌশলী এ এ এম আলী রেজা রাজুসহ অন্যরা।

বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাদের স্মৃতি সংরক্ষণ এবং আদর্শ ধারণের মাধ্যমে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এর আগে সকালে স্থানীয় হাতীখানা কবরস্থানে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করা হয়। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ার সময় ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে আহত হন সাজ্জাদ হোসেন। তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট দুপুরে তিনি মারা যান। শহীদ সাজ্জাদ সৈয়দপুর পৌরসভার পশ্চিম পাটোয়ারীপাড়া এলাকার আলমগীর হোসেন ও সাহিদা বেগম দম্পতির ছেলে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর